বেহাল জাতীয় সড়কের প্রতিবাদে নিলামবাজারে কলেজ পড়ুয়াদের ধরনা, আন্দোলনে সংহতি আমিনুর রশিদের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : দীর্ঘদিন ধরে বেহাল জাতীয় সড়কের প্রতিবাদে এবার পথে নামলেন নিলামবাজার কলেজের ছাত্রছাত্রীরা। শনিবার শ্রীভূমি জেলার নিলামবাজারে জাতীয় সড়ক দ্রুত সংস্কার, নিরাপদ যাতায়াত এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ধর্না ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে পড়ুয়ারা তাঁদের দাবির কথা তুলে ধরেন।

আন্দোলনস্থলে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। তিনি পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং বেহাল সড়কের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়েও খোঁজ নেন।
বিধায়ক বলেন, নিলামবাজার-সহ বরাকের গুরুত্বপূর্ণ সড়কগুলির ওপর দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রী, রোগী, ব্যবসায়ী ও চাকরিজীবী-সহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে একদিকে যেমন যাতায়াতে সময় বাড়ছে, তেমনই নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তাই দ্রুত সংস্কারের প্রয়োজন রয়েছে।
এদিন জাতীয় সড়কের দুরবস্থার অন্যতম কারণ হিসেবে অতিরিক্ত মালবোঝাই লরির চলাচলের বিষয়টি তুলে ধরেন আমিনুর রশিদ চৌধুরী। তাঁর অভিযোগ, নির্ধারিত ওজনসীমা অমান্য করে ওভারলোডেড যান চলাচলের ফলে রাস্তা ও সেতুর ওপর অতিরিক্ত চাপ পড়ছে। কথিত সিন্ডিকেট ও আর্থিক লেনদেনের মাধ্যমে অতিরিক্ত ওজনের লরি চলাচলের সুযোগ দেওয়ার অভিযোগেরও তদন্ত দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

গুমরাহ সেতু-সহ গুরুত্বপূর্ণ সেতুগুলির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিধায়ক। তাঁর বক্তব্য, শুধু রাস্তা সংস্কার করলেই হবে না, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ওভারলোডিং বন্ধে কার্যকর নজরদারিও প্রয়োজন।

এদিকে, ছাত্রছাত্রীরা দাবি জানান, দ্রুত রাস্তা সংস্কারের পাশাপাশি কাজের গুণমান নিশ্চিত করতে হবে। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করতে হবে। বিধায়ক তাঁদের দাবিগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *