বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : সোনাই সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে বরাকভিত্তিক সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা এবং ‘বরাকরত্ন সম্মান ২০২৬’-এর বিশেষ অনুষ্ঠান। সোনাই বাজার মাল্টিপারপাস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বরাকের পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করা হবে।
সর্বভারতীয় গীতিকার ও নাট্যকার আজাদ তৈমুস লস্কর ও বিশিষ্ট শিক্ষাবিদ মনির উদ্দিন লস্কর স্মৃতি ‘বরাকরত্ন সম্মান ২০২৬’ পাচ্ছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক ও গীতিকার বাপি দত্ত রায়, সংগঠক ও সমাজকর্মী বাবুল হোড়, তরুণ ও দক্ষ পুলিশ আধিকারিক ডিএসপি তানবির আহমদ, সমাজকর্মী সাহারুল আলম শেখ এবং বিশিষ্ট লোকগীতি শিল্পী বিধান লস্কর।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, সমাজকর্মীসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
এদিন বরাকভিত্তিক রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগীতি, যোগাসন ও নৃত্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার পাশাপাশি সম্মাননা প্রদান অনুষ্ঠানকে ঘিরে আয়োজকদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
এক প্রেসবার্তায় অনুষ্ঠানের মুখ্য আয়োজক তথা সোনাই সঙ্গীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লস্কর জানান, বরাকের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানানো এবং নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।



