শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে রংপুরে বিজেপির ‘বিজয় সংকল্প সমাবেশ’

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে গতি আনতে রংপুরের ৫ নম্বর ওয়ার্ডে প্রথম ‘বিজয় সংকল্প সমাবেশ’ আয়োজন করল বিজেপি। বৃহস্পতিবার শ্যামাপ্রসাদ লেন সংলগ্ন মাঠে দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘উন্নত শিলচর, সমৃদ্ধ অসম’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকীয়া এবং রাজ্য সাধারণ সম্পাদক ঋতুপর্ণ বরুয়া। এছাড়াও শিলচর পুর নিগমের ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডে দলের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ শইকীয়া নগর উন্নয়ন, নাগরিক পরিষেবা এবং পুর নির্বাচনে দলের কর্মসূচি ও অবস্থান তুলে ধরেন। শহরের উন্নয়ন ও নাগরিক পরিষেবা আরও শক্তিশালী করার বিষয়েও তিনি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজেপি নেতা তথা আইনজীবী সঞ্জয় ঠাকুর। মঞ্চে দলীয় প্রার্থীদের পাশাপাশি বিজেপির সাংসদ ও বিধায়করাও উপস্থিত ছিলেন।

শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে। তারই মধ্যে রংপুরের এই সমাবেশের মাধ্যমে বিজেপি তাদের নির্বাচনী কর্মসূচি আরও জোরদার করার বার্তা দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *