গুমড়া-মালিডহর-কালাইনে ধুলোর ঝড়, জরাজীর্ণ ৬ নম্বর জাতীয় সড়কে চরম দুর্ভোগে সাধারণ মানুষ

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া কাছাড়ের গুমড়া-মালিডহর-কালাইন সংযোগকারী ৬ নম্বর জাতীয় সড়ক বর্তমানে সাধারণ মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। এর সঙ্গে বর্ষার কাদাময় পরিস্থিতির পাশাপাশি শুষ্ক আবহাওয়ায় ধুলোর ঝড় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই জাতীয় সড়কের গর্তগুলিতে জল জমে কাদায় পরিণত হয়। বৃষ্টি থেমে রোদ উঠলে সেই কাদা শুকিয়ে সড়কের ওপর ধুলোর পুরু আস্তরণ তৈরি হয়। যানবাহন চলাচলের সময় উড়ে আসা ধুলোয় পথচারী, বাইক আরোহী এবং সড়কের পাশে বসবাসকারী মানুষজন ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে বিদ্যালয়ে যাতায়াতকারী ছাত্রছাত্রীরা ধুলোর কারণে সমস্যায় পড়ছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। অন্যদিকে, জাতীয় সড়কের দু’পাশে থাকা বাড়িঘরও ধুলোর হাত থেকে রেহাই পাচ্ছে না। ঘরের ভিতর-বাইর, দোকানপাট ও আশপাশের পরিবেশ ধুলায় ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মাঝেমধ্যে জাতীয় সড়কের গর্তগুলি সাময়িকভাবে মেরামত করা হলেও কয়েকদিন পরেই ফের একই পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে স্থায়ী সমাধানের অভাবে বছরের পর বছর ধরে সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকার মানুষকে।

এই পরিস্থিতিতে স্থায়ীভাবে সড়ক সংস্কারের কাজ শুরু না হওয়া পর্যন্ত অন্তত নিয়মিত জাতীয় সড়কে জল ছিটানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, বিশেষ করে সকাল ও বিকেলে নিয়মিত জল ছিটানো হলে ধুলোর মাত্রা অনেকটাই কমবে এবং পথচারী ও স্থানীয় বাসিন্দারা সাময়িকভাবে হলেও স্বস্তি পাবেন।

জরাজীর্ণ সড়কটির স্থায়ী সংস্কারের কাজ কবে শুরু হবে, তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *