জিরিবামে আসাম রাইফেলসের নিরাপত্তা বৈঠক, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নাগরিক সমাজের সঙ্গে আলোচনা

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : জিরিবামে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করল আসাম রাইফেলস। ২২ সেপ্টেম্বর মণিপুরের বোরোবেকরা ও এনকেপি-তে পৃথক নিরাপত্তা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আরও জোরদার করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ২১ সেক্টরের ডিআইজি, ৩৮ অসম রাইফেলসের কমান্ড্যান্ট-সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। এনকেপি-তে অনুষ্ঠিত বৈঠকে কুকি ও নাগা সম্প্রদায়ের প্রতিনিধিরাও অংশ নেন। এনকেপি, তাতবুং, মুক্তাখাল, পাংমল, ওকেপি ও কুলবুং গ্রামের চেয়ারম্যান, সম্পাদক এবং অন্যান্য প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস এবং তৃণমূল স্তরে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে শান্তি ও স্থিতিশীলতার অনুকূল পরিবেশ বজায় রাখতে সব পক্ষকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানায় আসাম রাইফেলস। সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের কোনও ধরনের সমর্থন বা সহায়তা না দেওয়ার জন্যও আবেদন জানানো হয়।

এই বৈঠকগুলিতে শান্তি প্রতিষ্ঠা, স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং জিরিবামে স্থায়ী স্থিতিশীলতা বজায় রাখতে জনসম্পৃক্ততা, ধারাবাহিক সংলাপ এবং নিরাপত্তা বাহিনী ও নাগরিক সমাজের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *