বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : বুধবার দুপুরে নাগাল্যান্ডের ডিমাপুর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কুডা বি খেল ও ফাইপিজাং এলাকায় দুপুর প্রায় ২টা নাগাদ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পরপর বেশ কয়েকটি বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে শতাধিক বাড়ি পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
খবর পেয়ে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দ্রুত একাধিক বাড়িতে তা ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনায় কতটা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও প্রশাসনের তরফে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজও শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে প্রশাসন।




