২২ সেপ্টেম্বর : দেশের বিপুল সংখ্যক মোবাইল গ্রাহক পোস্টপেইডের তুলনায় প্রিপেইড পরিষেবা ব্যবহার করেন। ক্রমবর্ধমান রিচার্জ খরচের কথা মাথায় রেখে এবার গ্রাহকদের জন্য সাশ্রয়ী প্ল্যান চালুর নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। নতুন নিয়ম অনুযায়ী, Jio, Airtel, Vi এবং BSNL-সহ সব টেলিকম সংস্থাকে শুধুমাত্র ভয়েস কল ও SMS সুবিধা-সম্বলিত সাশ্রয়ী রিচার্জ প্ল্যান রাখতে হবে।
TRAI সম্প্রতি ‘টেলিকম কনজিউমার প্রোটেকশন (ত্রয়োদশ সংশোধনী) রেগুলেশনস, ২০২৬’ জারি করেছে। নিয়ম অনুযায়ী, ৩০ দিন বা তার কম মেয়াদের ক্ষেত্রে ভয়েস ও SMS-ভিত্তিক স্পেশাল ট্যারিফ ভাউচার (STV) চালু করা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের প্রতি মাসের একই তারিখে রিচার্জ নবীকরণের সুযোগ দিতে হবে। এছাড়া ৩০ দিনের বেশি মেয়াদের অন্তত একটি ভয়েস ও SMS প্ল্যান রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
এর ফলে যেসব গ্রাহক মোবাইল ডেটা ব্যবহার করেন না, তাঁদের অপ্রয়োজনীয় ডেটার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। পাশাপাশি একাধিক নম্বর সচল রাখা গ্রাহকরাও নিজেদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী শুধুমাত্র কল ও SMS-এর প্ল্যান বেছে নিতে পারবেন।
TRAI জানিয়েছে, এতদিন টেলিকম সংস্থাগুলি তুলনামূলক কম দামে মূলত দীর্ঘমেয়াদি ভয়েস ও SMS প্ল্যান দিত। ফলে স্বল্প আয়ের গ্রাহকদের জন্য কম মেয়াদের সাশ্রয়ী রিচার্জের বিকল্প সীমিত ছিল। এ বিষয়ে কয়েক মাস আগে মতামত চেয়েছিল TRAI। সেখানে মোট ১,১৩২টি মতামত ও পরামর্শ জমা পড়ে।

তবে নতুন প্ল্যানগুলি বাজারে আসার নির্দিষ্ট সময়সীমা TRAI-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। ফলে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাগুলিকেই তা কার্যকর করতে হবে। নতুন নিয়ম কার্যকর হলে ডেটা ছাড়াই ৩০ দিন বা তার কম মেয়াদের শুধুমাত্র কল ও SMS-ভিত্তিক রিচার্জ বেছে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।



