চালু ‘ট্রাম্প টিভি’, ২৪ ঘণ্টা সম্প্রচার

Spread the news

২২ সেপ্টেম্বর : আমেরিকায় চালু হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নতুন স্ট্রিমিং নিউজ চ্যানেল ‘ট্রাম্প টিভি’। হোয়াইট হাউসে একাধিক সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নিয়ে নিষেধাজ্ঞার আবহেই সোমবার থেকে এই নতুন সম্প্রচার প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। হোয়াইট হাউসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত ‘ট্রাম্প টিভি’ সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা চালু থাকবে। হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, এটি একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেখানে মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন কর্মসূচি ও সরকারি কার্যকলাপের ভিডিও সম্প্রচার করা হবে।

চ্যানেলটি চালুর সময় ট্রাম্পের পুরনো ভাষণ, শপথ গ্রহণ অনুষ্ঠান এবং বিভিন্ন সরকারি ঘোষণার ভিডিও দেখানো হয়। এর মাধ্যমে প্রেসিডেন্টের কার্যক্রম ও সরকারি কর্মসূচি সরাসরি বা রেকর্ড করা ভিডিওর মাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, গত শুক্রবার ট্রাম্প তিনটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন। তাঁর অভিযোগ, প্রশাসনের কাজকর্ম নিয়ে ওই সংবাদমাধ্যমগুলিতে বিভ্রান্তিকর বা ভুয়ো খবর প্রচার করা হয়েছে। এরপর থেকেই হোয়াইট হাউসে ওই সংবাদমাধ্যমগুলির প্রতিনিধিদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার পর আমেরিকার কয়েকটি বড় টেলিভিশন নিউজ চ্যানেলও হোয়াইট হাউস থেকে নিয়মিত কভারেজ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এই পরিস্থিতির মধ্যেই ‘ট্রাম্প টিভি’র আত্মপ্রকাশকে ঘিরে মার্কিন সংবাদমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *