মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : নিখোঁজ হওয়ার চার দিন পর জলমগ্ন ধান ক্ষেত থেকে এক যুবকের পচন ধরা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাথারকান্দির চাঁন্দখিরা এলাকায়। মৃত যুবকের নাম জুবেল আহমেদ (২১)। তাঁর বাড়ি লক্ষীপুর এলাকার সীমান্তসংলগ্ন হাতিরগুলে। সোমবার দুপুরে চাঁন্দখিরা তেমাথা সংলগ্ন ৮ নম্বর জাতীয় সড়কের পাশে একটি ধান ক্ষেত থেকে দুর্গন্ধ বের হতে থাকায় স্থানীয়রা সেখানে খোঁজ শুরু করেন। জাতীয় সড়ক থেকে প্রায় ২০ মিটার দূরে জলমগ্ন ধান ক্ষেতের মধ্যে যুবকের দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, জুবেল গত ১৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তিনি পেশায় ইউটিউবার ছিলেন। ঘটনাস্থল থেকে নগদ ৭ হাজার ২০ টাকা, একটি মোবাইল ফোন ও পরিচয়পত্র উদ্ধার হয়েছে। দেহের কিছুটা দূরে তাঁর চপ্পলও পড়ে থাকতে দেখা যায়।

এদিকে, নিখোঁজ হওয়ার পরদিন চাঁন্দখিরা এলাকায় একটি দুর্ঘটনাগ্রস্ত লাল রঙের পালসার মোটরসাইকেল উদ্ধার হওয়ার ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। মোটরসাইকেলটির নম্বর AS10F 5057। পুলিশ সেটি থানায় নিয়ে গেলেও তখন চালকের কোনও সন্ধান পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে স্থানীয়দের একাংশের ধারণা, মোটরসাইকেল দুর্ঘটনার পর জুবেল রাস্তার পাশের জলমগ্ন ধানখেতে পড়ে গিয়ে প্রাণ হারিয়ে থাকতে পারেন। তবে অন্য একটি সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, এটি দুর্ঘটনা নাকি অন্য কোনও ঘটনার ফল, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন। তবে হত্যাকাণ্ডের কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি এবং পুলিশও এ বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছয়নি।

পুলিশ মৃতের মোবাইল ফোন, উদ্ধার হওয়া সামগ্রী, বাইকের অবস্থান এবং নিখোঁজ হওয়ার সময়কালসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় পরিবারের পক্ষ থেকে সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে।



