রামনাথপুরে লরি থেকে কফ সিরাপ উদ্ধার, আটক চালক-সহচালক

Spread the news

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : নিষিদ্ধ কফ সিরাপ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল হাইলাকান্দি জেলার রামনাথপুর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি লরি থেকে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ১,৬০০ বোতল কোডাইনযুক্ত কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। ঘটনায় লরির চালক ও সহচালককে আটক করার পাশাপাশি পাচারে ব্যবহৃত লরিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে রামনাথপুর থানার ওসি ধর্মেন্দ্র দাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে এসআই নন্দ কুমার সিংহ-সহ থানার পুলিশকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন দুই ডিএসপি দিগন্ত ফুকন ও যুবরাজ গগৈ। অভিযানের সময় গুয়াহাটি থেকে মণিপুরগামী AS 01 VC 4973 নম্বরের একটি লরিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় লরির ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১০টি কার্টন উদ্ধার হয়। কার্টন খুলে মোট ১,৬০০ বোতল কোডাইনযুক্ত কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থল থেকেই লরির চালক সাবিরুল ইসলাম লস্কর ও সহচালক মাসুক আহমদ তালুকদারকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কফ সিরাপের চালানটি মণিপুরে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *