বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও পিএইচডি গবেষকদের উদ্যোগে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রয়াত শিল্পী জুবিন গর্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। প্রয়াত শিল্পীর কালজয়ী গান ও সমাজসেবামূলক কাজের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক তরুণ বিকাশ সুকাই।

এরপর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জুবিন গার্গের জনপ্রিয় বিভিন্ন গান পরিবেশন করেন। গান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। অনুষ্ঠানে জুবিন গর্গের সঙ্গীত ও শিল্পীসত্তার প্রতি শিক্ষার্থী ও গবেষকদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পায়।



