লঙ্গাই ভ্যালি ক্লাবে ছয় চা-বাগানের ম্যানেজারদের সঙ্গে কৃষ্ণেন্দু পালের বৈঠক

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : চা-বাগান এলাকার সার্বিক উন্নয়ন, শ্রমিক কল্যাণ এবং স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে লঙ্গাই ভ্যালি ক্লাবে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে আয়োজিত বৈঠকে ছয়টি চা-বাগানের ম্যানেজার অংশ নেন।

বৈঠকে চা-বাগান অধ্যুষিত এলাকার উন্নয়নমূলক প্রয়োজনীয়তা, শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা এবং সেগুলির বাস্তবসম্মত সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে বাগান কর্তৃপক্ষ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে পাঠিনী, ভুবরিঘাট, মেধলি, ইসাবিল, লঙ্গাই ও হাতিখিরা চা-বাগানের ম্যানেজাররা উপস্থিত ছিলেন। তাঁদের কাছ থেকে বাগান এলাকার বর্তমান পরিস্থিতি, স্থানীয় মানুষের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন সমস্যার বিষয়ে মতামত নেওয়া হয়।

আলোচনায় জীবনযাত্রার মানোন্নয়ন, উন্নয়নমূলক প্রকল্পের কার্যকর বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যাগুলি দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। চা-বাগান এলাকাকে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

এদিনের বৈঠকে শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিলকুমার ত্রিপাঠী, বিজেপি পাথারকান্দি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা এবং পুঠনি গ্রাম পঞ্চায়েতের সভাপতি নমিতা গোয়ালাও উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়েও মতবিনিময় হয়।

বৈঠক শেষে চা-বাগান এলাকার উন্নয়ন ও চা-বাগান সম্প্রদায়ের কল্যাণে সংশ্লিষ্ট সব পক্ষের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *