বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : সোনাইয়ের সাতকরাকান্দি হাইস্কুলে স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি) গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে কাছাড়ের জেলা কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এসএমসির কয়েকজন সদস্য। অভিযোগকারীদের দাবি, গত ১৭ সেপ্টেম্বর স্কুলে এসএমসি সদস্যদের নিয়ে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের জন্য একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় কয়েকজন সদস্য ভোটের মাধ্যমে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের দাবি জানান। তবে সভার সভাপতি উজির উদ্দিন ওরফে মনি চৌধুরী এবং প্রধান শিক্ষক আহমদ হোসেন বড়ভূইয়া সেই দাবি প্রত্যাখ্যান করেন বলে অভিযোগ।
এর প্রতিবাদে আটজন এসএমসি সদস্য সভা ত্যাগ করে বেরিয়ে আসেন বলে জানা গেছে। পরবর্তীতে তাঁরা পুনরায় সভা আহ্বান করে সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করার দাবি জানান। শনিবার জেলা কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন এসএমসি সদস্য আলতাফ হোসেন বড়ভূইয়া, ইসলাম উদ্দিন লস্কর, জবেদা বেগম চৌধুরী, নুরজাহান বেগম লস্কর, জাকিয়া বেগম বড়ভূইয়া, অভিভাবক জমিল আহমেদ বড়ভূইয়া-সহ অন্যান্য সদস্য। স্মারকলিপিতে তাঁরা বিষয়টি তদন্ত করে নিয়ম মেনে পুনরায় সভা আহ্বানের মাধ্যমে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের দাবি জানিয়েছেন।



