নগাঁও উপনির্বাচন :  সংখ্যালঘু ভোটারদের কাছে পৌঁছতে তৎপর বিজেপি, কংগ্রেস ও এআইইউডিএফ

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে নির্বাচনী লড়াই। মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর থেকেই ভোটারদের কাছে পৌঁছতে সক্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন দলের প্রার্থী ও নেতারা। বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের সমর্থন আদায়কে কেন্দ্র করে জোরদার হয়েছে প্রচার। বিজেপির প্রার্থী দেবাশিস শর্মার পাশাপাশি এআইইউডিএফ প্রার্থী মওলানা বদরুদ্দিন আজমল এবং কংগ্রেস প্রার্থী শিবামণি বরাও প্রচারে নেমেছেন। মনোনয়ন দাখিলের পর থেকেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জনসংযোগ শুরু করেছেন আজমল।

শুক্রবার ধিং ও লাহরিঘাট বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার চালায় এআইইউডিএফ। মৈরাবাড়ি জামিয়া মসজিদে জুমার নামাজ আদায়ের পর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন বদরুদ্দিন আজমল।

এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজমল দাবি করেন, তিনি প্রার্থী হওয়ার আগে কিছু সংখ্যালঘু ভোটার বিজেপির দিকে ঝুঁকেছিলেন। তাঁর দাবি, বর্তমানে তাঁরা তাঁর সঙ্গে রয়েছেন। অর্থের প্রলোভনে কিছু দরিদ্র মানুষ বিজেপির দিকে গিয়েছেন বলেও দাবি করেন তিনি।

কংগ্রেস প্রার্থী শিবামণি বরাকে নিয়েও মন্তব্য করেন আজমল। তাঁর অভিযোগ, নগাঁও উপনির্বাচনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই কংগ্রেস শিবামণি বরাকে প্রার্থী করেছে।

নগাঁও লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় তাঁদের সমর্থন পেতে বিজেপি, কংগ্রেস ও এআইইউডিএফ—তিন দলই জোরদার প্রচারে নেমেছে। ফলে উপনির্বাচন ঘিরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই তীব্র হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *