বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করে মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেল কাছাড় জেলার উত্তর কৃষ্ণপুরের দুই ভাই আবু হুরাইরা চৌধুরী ও ওরওয়া মোহাম্মদ চৌধুরী। বর্তমানে ১৮ বছর বয়সি আবু হুরাইরা এবং ১৬ বছর বয়সি ওরওয়া আল-আজহারে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। বিশিষ্ট ব্যবসায়ী জবারুত আলম চৌধুরীর দুই পুত্র ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষায় মনোযোগী। অল্প বয়সেই তাঁরা পবিত্র কোরান হিফজ সম্পন্ন করেন। পাশাপাশি আরবি ভাষায় বিশেষ শিক্ষা গ্রহণের সঙ্গে স্কুলের পড়াশোনাও চালিয়ে যান। বাংলা, আরবি, ইংরেজি, হিন্দি ও উর্দু—পাঁচটি ভাষায় কথা বলার দক্ষতাও অর্জন করেছেন দুই ভাই।
উচ্চশিক্ষার লক্ষ্যে সম্প্রতি বাবা জবারুত আলম চৌধুরীর সঙ্গে তাঁরা মিশরে যান। সেখানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হন এবং বর্তমানে নিয়মিত পড়াশোনা করছেন।
উত্তর কৃষ্ণপুরের স্থানীয় পরিসর থেকে মিশরের বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ভাইয়ের এই যাত্রা তাঁদের দীর্ঘদিনের অধ্যবসায়, শিক্ষার প্রতি নিষ্ঠা এবং পরিবারের সুপরিকল্পিত উদ্যোগের প্রতিফলন। আল-আজহারে অর্জিত জ্ঞান ও শিক্ষাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সমাজ ও বৃহত্তর পরিসরে ইতিবাচক অবদান রাখাই তাঁদের পরবর্তী লক্ষ্য—এমনটাই প্রত্যাশা পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।



