বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় দেশজুড়ে চলা ‘নেশামুক্ত ভারত অভিযান’-কে আরও শক্তিশালী করতে কাছাড় জেলার পবিত্র ভূমি থেকে শুরু হয়েছে সচেতনতা ও জনসম্পৃক্ততার উদ্যোগ। ‘নেশামুক্ত ভারত সংকল্প পদযাত্রা’-র প্রথম দিনে নেশার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, জনভাগীদারি এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে নেশামুক্ত সমাজ গড়ে তুলতে যুবসমাজকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, খেলাধুলা, কর্মসংস্থান ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সুস্থ, শক্তিশালী ও নেশামুক্ত অসম গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এদিকে, নেশামুক্তি অভিযান এবং নেশাগ্রস্ত যুবকদের চিকিৎসা ও পুনর্বাসন পরিষেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে নেতাজি ছাত্র যুব সংস্থা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র, শিলচর-এর কার্যকরী পরিচালক দিলু দাসকে সম্মাননা প্রদান করা হয়।
মন্ত্রী কৌশিক রায়, কাছাড়ের জেলা কমিশনার, জেলা পুলিশ সুপার (SSP) সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে রাজ্যের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষে দিলু দাসের হাতে উত্তরীয় ও শংসাপত্র তুলে দেন।
এই সম্মান নেশামুক্তি ও পুনর্বাসনের কাজে যুক্ত নেতাজি ছাত্র যুব সংস্থার কর্মকর্তা ও কর্মীদের আরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।
সম্মাননা গ্রহণের পর দিলু দাস রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী পীযূষ হাজরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রগুলির পরিচালনার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল (SOP) প্রণয়নের উদ্যোগের জন্য তাঁদের ধন্যবাদ জানান।
পাশাপাশি নেশামুক্তি ও পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় সহযোগিতার জন্য কাছাড় জেলা প্রশাসন, জেলা সমাজকল্যাণ বিভাগ এবং জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন দিলু দাস। তিনি বলেন, সরকারি বিভাগগুলির সক্রিয় সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নেশামুক্ত সমাজ গঠনের উদ্যোগ আরও শক্তিশালী করা সম্ভব।



