মসজিদে বোমা হামলায় নিহত অন্তত ১৬, আহত ৫৬

Spread the news

১৮ সেপ্টেম্বর : পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বোমা হামলা ও পরবর্তী বন্দুকযুদ্ধে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশকর্মী রয়েছেন। ঘটনায় ৫৬ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

শুক্রবার জুমার নামাজের জন্য মানুষ যখন মসজিদে জড়ো হচ্ছিলেন, সেই সময় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দফতরের চত্বরে অবস্থিত মসজিদের প্রবেশপথে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ধাক্কা মারে। বিস্ফোরণের পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক পুলিশপ্রধান জুলফিকার হামিদ জানিয়েছেন, এটি আত্মঘাতী হামলা ছিল। বিস্ফোরণের পর কয়েকজন বন্দুকধারী পুলিশ কম্পাউন্ডে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয়।
এখনও পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে আফগান সীমান্তবর্তী এই অঞ্চলে আইএসআইএল (আইএসআইএস)-এর একটি আঞ্চলিক শাখা এবং পাকিস্তান তালেবান বা টিটিপি সক্রিয় রয়েছে। এই দুই গোষ্ঠী অতীতে নিয়মিত নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ডিপিএ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসক তাহির শাহ জানিয়েছেন, প্রাথমিকভাবে ১৫টি মৃতদেহ এবং ৫০ জনেরও বেশি আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জুলফিকার হামিদ বলেন, ‘ফিতনা-উল-খাওয়ারিজকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।’ একই সঙ্গে তিনি দাবি করেন, হামলার পরও পুলিশের মনোবল অটুট রয়েছে। পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যদের বোঝাতে ‘ফিতনা আল খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে।

এদিকে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। তাঁর দপ্তরের বিবৃতিতে নিরীহ মানুষকে লক্ষ্য করে হামলাকে ‘গভীরভাবে দুঃখজনক ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দিও। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর পাশে গোটা জাতি ঐক্যবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *