ফুলেরতল স্কুলের প্রাদেশিকীকরণের দাবি কংগ্রেস নেতার

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : লক্ষীপুরের ফুলেরতল পাব্লিক হাইস্কুল দ্রুত প্রাদেশিকীকরণের দাবি জানালেন কংগ্রেস নেতা ডাঃ এম. শান্তিকুমার সিংহ। সম্প্রতি বিদ্যালয়টির পরিকাঠামোগত সমস্যার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তিনি স্কুলটি পরিদর্শন করে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিদ্যালয়ের শিক্ষক সুধাংশু মালাকার জানান, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই বাংলামাধ্যমের স্কুলটি ২০২১ সালে রৌপ্যজয়ন্তী পালন করেছে। দীর্ঘ ৩০ বছর পেরিয়ে গেলেও এখনও বিদ্যালয়টি সরকারি প্রাদেশিকীকরণের আওতায় আসেনি। এর ফলে শিক্ষক ও ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে।

শান্তিকুমার সিংহ বলেন, শিক্ষার অধিকার আইন, ২০০৯ এবং জাতীয় শিক্ষানীতি ২০২০-তে মাতৃভাষায় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ফুলেরতল এলাকার বাংলাভাষী ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যালয়টির দ্রুত প্রাদেশিকীকরণ প্রয়োজন।

তিনি প্রাদেশিকীকরণ সংক্রান্ত সরকারি নিয়মের আওতায় বিদ্যালয়টির বিষয়টি বিবেচনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী রণোজ পেগু এবং লক্ষীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সহ-সভাপতি বাদল বড়ুয়া, দুলাল মাঝি, সজল দাস-সহ স্থানীয় কংগ্রেস নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *