হরমুজে মার্কিন সেনাবাহী জাহাজে ইরানি হামলা

Spread the news

১৭ সেপ্টেম্বর : হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনাসদস্য বহনকারী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলা চালিয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন।

বুধবারের এ হামলার বিষয়ে পেন্টাগনের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলার সময় জাহাজটিতে চারটি ইরানি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজে আগুন ধরে যায়। আহত মার্কিন সেনাদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। তাদের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশের কোনো একটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে জাহাজটিতে মোট কতজন মার্কিন সেনা ছিলেন এবং কতজন আহত হয়েছেন, সে বিষয়ে পেন্টাগন সুনির্দিষ্ট তথ্য দেয়নি। জাহাজটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, সেটিও জানা যায়নি। পেন্টাগন জানিয়েছে, জাহাজটি মার্কিন সামরিক বা সরকারি মালিকানাধীন নয়; এটি মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ একটি বাণিজ্যিক জাহাজ। হামলার বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। সেন্টকমের মুখপাত্রও মন্তব্য করতে রাজি হননি।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এ জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পণ্য পরিবহন করা হয়।
সূত্র: ফক্স নিউজ ও আনাদোলু এজেন্সি। খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *