সাংবাদিকদের মতামতে সাড়া, পাথারকান্দিতে সড়ক সংস্কারে প্রশাসনের তৎপরতা

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর :।ময়নাবাইপাস-পাথারকান্দি প্রধান সড়কের গুরুত্বপূর্ণ অংশে সাময়িক মেরামত শুরু  সঙ্গে মতবিনিময় সভায় উঠে আসা জনদুর্ভোগের বিষয়কে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নিল পাথারকান্দি কো-ডিস্ট্রিক্ট প্রশাসন। পাথারকান্দির কো-ডিস্ট্রিক্ট কমিশনার তথা এসিএস ত্রিদিব রায়ের উদ্যোগে ময়নাবাইপাস থেকে পাথারকান্দি শহর পর্যন্ত প্রধান সড়কের একাধিক গুরুত্বপূর্ণ অংশে সাময়িক মেরামত ও উন্নয়নমূলক কাজ শুরু করেছে পিডব্লিউডি (সড়ক) বিভাগ।
প্রশাসন সূত্রে জানা গেছে, ১২, ১৫ ও ১৬ সেপ্টেম্বর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় সংস্কারমূলক কাজ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দাদের যে সমস্যার মুখে পড়তে হচ্ছিল, তা কিছুটা লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ময়নাবাইপাস-পাথারকান্দি সড়কের পাথারকান্দি শহর এলাকা, সেচ দফতরের কার্যালয় সংলগ্ন অংশ, সানরাইজ হাসপাতালের কাছে এবং রেলওয়ে লেভেল ক্রসিং সংলগ্ন এলাকায় মেরামত করা হয়েছে। ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এসব অংশের অবস্থার উন্নতিতে যান চলাচল কিছুটা স্বাভাবিক ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কো-ডিস্ট্রিক্ট কমিশনার ত্রিদিব রায়ের মতবিনিময় সভায় বৃহত্তর পাথারকান্দির বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের পাশাপাশি সড়কের বেহাল দশার বিষয়টি তুলে ধরা হয়। সাংবাদিকদের বক্তব্য ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
প্রশাসনের এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। সচেতন মহলের মতে, সাময়িক সংস্কারের পাশাপাশি ভবিষ্যতে সড়কটির স্থায়ী ও দীর্ঘমেয়াদি সংস্কার করা হলে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হবে। জনস্বার্থে প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *