বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের ‘সিজন এইট’ ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়ী হল নর্থ হাওয়াইথাং মারিয়া এফসি। বুধবার ফেরিঘাট সংলগ্ন মাঠে তারা ২-১ গোলে পরাজিত করে কেজিএন গ্রুপ উত্তর কৃষ্ণপুরকে। ম্যাচে উভয় দল দুর্দান্ত খেলা প্রদর্শন করে। জয়ের লক্ষ্যে লড়াই ছিল উত্তেজনাপূর্ণ। ম্যাচের ১৮ মিনিটে মারিয়া এফসি-কে এগিয়ে নেন রেমরুয়াথা। কিন্তু চার মিনিটের মধ্যেই উত্তর কৃষ্ণপুর সমতায় ফিরে। ২২ মিনিটে গোল করেন নিরা। প্রথামার্ধ্ব ১-১ গোলে ড্র থাকে। দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই ফের লিড নেয় মারিয়া এফসি। ৩১ মিনিটে মারিয়া এফসির জেহবা গোল করেন। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে উত্তর কৃষ্ণপুর। কিন্তু ভাগ্য তাঁদের পক্ষে সায় দেয়নি। ৪০ মিনিটে পেনাল্টি শট পেলেও সমতায় ফিরতে পারেনি। মারিয়া এফসির গোলরক্ষক থ্লুঙথিয়া বলটি সেভ করে নেন। একই ভাবে মারিয়া এফসি ৫১ মিনিটে একটি পেনাল্টি পেলে তার ফায়দা নিতে পারেনি। বারে লেগে বল ফিরে এসেছে। এভাবে এক রোমাঞ্চকর লড়াইয়ের পর ২-১ গোলে জয়ী হয়ে সেমিফাইনালের দ্বিতীয় দল হিসেবে স্থান করে নেয় নর্থ হাওয়াইথাং মারিয়া এফসি।
এ দিন ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান গোলরক্ষক থ্লুঙথিয়া। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অতিথি ভাগাবাজারের রাজীব উদ্দিন লস্কর ও ক্লাবের উপদেষ্টা আশু চৌধুরী। ম্যাচ পরিচালনা করেন শামিম বড়ভূইয়া, প্রবীণ বর্মণ, আজহার উদ্দিন লস্কর ও আনসার মিয়া। বৃহস্পতিবার তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে এমজে সুপারস্টার মধুরামুখ ও চেঙদোয়ার বিসি।



