বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলার কুচলা বাঁশডহর প্রথম খণ্ডে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম তৈয়বুর রহমান চৌধুরী। একই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার নিজ বাড়িতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা তিনজন আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে সন্তোষ কুমার রায় অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তৈয়বুর রহমান চৌধুরীকে মৃত ঘোষণা করেন। অন্য দুই আহত ব্যক্তি বর্তমানে হাইলাকান্দি অসামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বজ্রপাতের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



