মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : ‘স্বচ্ছতায় অংশীদারিত্ব, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’—এই বার্তাকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ‘স্বচ্ছতা হি সেবা (SHS) ২০২৬’ অভিযান। ২ অক্টোবর পর্যন্ত চলবে এই জাতীয় কর্মসূচি। অভিযানের প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বুধবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি. আর. পাটিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক। বৈঠকে অসমের পক্ষ থেকে অংশ নেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
বৈঠকে গ্রামীণ পরিচ্ছন্নতা, স্যানিটেশন পরিষেবা, পরিচ্ছন্নতার জন্য চিহ্নিত স্থানগুলির ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় প্রশাসন, গ্রাম পঞ্চায়েত, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও নাগরিকদের যুক্ত করে পরিচ্ছন্নতা অভিযানকে আরও জনমুখী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এবারের অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘স্বচ্ছ সেবা আঙ্কলন’। স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) ২.০-এর আওতায় গ্রাম পঞ্চায়েত-ভিত্তিক এই বার্ষিক ডিজিটাল স্ব-মূল্যায়ন ব্যবস্থা চালু করা হচ্ছে। এর মাধ্যমে পঞ্চায়েতগুলি নিজেদের এলাকার স্যানিটেশন পরিষেবা ও পরিচ্ছন্নতা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করতে পারবে। পাশাপাশি ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে।
বৈঠকে তাৎক্ষণিক পরিচ্ছন্নতার পাশাপাশি দীর্ঘমেয়াদি ও টেকসই স্যানিটেশন ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হয়। গ্রামীণ এলাকা ও জনসাধারণের ব্যবহৃত স্থানগুলিতে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।
অসমেও কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের প্রস্তুতি চলছে। রাজ্যের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা, গ্রামীণ স্যানিটেশন, সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততাকে কেন্দ্র করে কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তর ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতাকে স্থায়ী সামাজিক অভ্যাসে পরিণত করাই এই অভিযানের অন্যতম লক্ষ্য।



