চুরি করতে ঢুকে এক সপ্তাহ ধরে ফাঁকা বাড়িতে ‘সংসার’, খাটের তলা থেকে গ্রেফতার চোর ডিব্রুগড়ের বাসিন্দা

Spread the news

১৬ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ি দেখে চুরির উদ্দেশ্যে ঢুকেছিলেন। কিন্তু চুরি সেরে পালিয়ে যাওয়ার বদলে ওই বাড়িতেই প্রায় এক সপ্তাহ ধরে বসবাস শুরু করেন অভিযুক্ত। শেষ পর্যন্ত বাড়ির মালিকের পরিবারের সদস্যদের সন্দেহ এবং পুলিশের চিরুনি তল্লাশিতে খাটের তলা থেকে উদ্ধার হলেন তিনি।

ঘটনাটি কেরলমের ত্রিশূরের মানাথালা ব্লক অফিসের কাছে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম রাধেশ্যাম গড়। তিনি অসমের ডিব্রুগড় জেলার নাহারকাটিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। পেশায় পরিযায়ী শ্রমিক রাধেশ্যাম একটি দীর্ঘদিন ফাঁকা থাকা বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ। বাড়িটির মালিক আইনজীবী রিপল হামসা। তাঁর ছেলে এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়িতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। তাঁরা দেখতে পান, বাড়ির সামনের ও পিছনের দরজা ভাঙা। ভিতরে বেশ কিছু জিনিসপত্রও এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এতে তাঁদের সন্দেহ হয়, বাড়ির ভিতরে কেউ লুকিয়ে থাকতে পারেন। সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের খবর দেওয়া হয়।

খবর পেয়ে চাভাক্কাড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় কাউন্সিলার সানুপ থামারাথ-সহ কয়েকজন বাসিন্দাও তল্লাশিতে যোগ দেন। বাড়ির বিভিন্ন ঘরে খোঁজ চালানোর পর শেষ পর্যন্ত উপরতলার একটি ঘরে খাটের নীচে লুকিয়ে থাকা রাধেশ্যামকে দেখতে পান পুলিশকর্মীরা। সেখান থেকেই তাঁকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়ির আলমারি খুলে জিনিসপত্র তছনছ করা হয়েছিল। মূল্যবান সামগ্রী চুরি করার উদ্দেশ্যেই তিনি বাড়িতে ঢুকেছিলেন বলে তদন্তকারীদের দাবি।
এদিকে জেরার সময় ভাষাগত সমস্যার মুখে পড়ে পুলিশ। অভিযুক্ত মালয়ালম ভাষা না জানায় তাঁকে জিজ্ঞাসাবাদ এবং আইনি প্রক্রিয়া বোঝাতে অসমিয়া ভাষার অনুবাদকের সাহায্য নেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *