বিজয়কে দেখতে ভক্তদের উপচে পড়া ভিড়, নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল ‘থালাপতি’র অনুষ্ঠান

Spread the news

১৬ সেপ্টেম্বর : লন্ডনের (London) বিখ্যাত দ্য শার্ড ভবনের কাছে তামিলনাডুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (CM Vijay) অর্থাৎ থালাপতির একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মঙ্গলবার। আর তা জানতে পেরে সেখানে ভিড় জমিয়েছিলেন প্রচুর অনুরাগীরা। কিন্তু শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল (Event Cancelled) করতে বাধ্য হলেন আয়োজকেরা

মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জননিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় (Safety Concerns)। এদিকে, অভিনেতা থেকে রাজনীতিক হওয়া এই নেতাকে একবার চোখের দেখা দেখতে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে শতশত ভক্ত সকাল থেকেই ওই এলাকায় ভিড় জমিয়েছিলেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর হঠাৎই অনুষ্ঠান বাতিলের ঘোষণা আসায় উপস্থিত জনতা চরম হতাশা হয়ে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে বিজয়ের টিমের এক সদস্য লাউডস্পিকারের মাধ্যমে ভিড়ের উদ্দেশে জানান যে, নিরাপত্তার কথা মাথায় রেখে এবং উপযুক্ত প্রশাসনিক অনুমতি না পাওয়ায় এই নির্ধারিত অনুষ্ঠানটি করা সম্ভব হচ্ছে না। সুদূর তামিলনাডু থেকে আসা অনেক অনুরাগী জানান যে, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষার পর অনুষ্ঠান বাতিলের ঘোষণায় তাঁরা রীতিমতো হতাশ। তবে অনেকে আবার বিদেশের মাটিতে এই ধরনের অভাবনীয় জনসমাগমকে ইতিবাচক হিসেবেও দেখছেন।

উল্লেখ্য, বর্তমানে মুখ্যমন্ত্রী বিজয় একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে ব্রিটেন সফরে রয়েছেন। এই সফরের মূল উদ্দেশ্য হল বৈশ্বিক বিনিয়োগকারীদের তামিলনাডুমুখী করা এবং রাজ্যে বড় ধরনের শিল্প বিনিয়োগের পথ প্রশস্ত করা। মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে যে, এই দ্বিপাক্ষিক আলোচনা ও সফর চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে প্রায় ১২,৩০০ কোটি টাকার প্রস্তাবিত বিনিয়োগ রাজ্যে আসতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *