শিলচর উত্তর কৃষ্ণপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, আহত একাধিক

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : শিলচরের উত্তর কৃষ্ণপুরের রহিমের দোকান এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে একটি সুইফট ডিজায়ার ও একটি ইলেকট্রিক অটোর মধ্যে সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে অটোচালক, এক মহিলা যাত্রী ও এক স্কুলপড়ুয়া গুরুতর আহত হন। পাশাপাশি সুইফট ডিজায়ারের চালকের আসনে থাকা ব্যক্তিও গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধারে স্থানীয়রা এগিয়ে আসেন। ১০৮ অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় স্থানীয়রাই আহতদের উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, রহিমের দোকান এলাকা থেকে প্রেসিডেন্সি কলেজ পর্যন্ত জাতীয় সড়কের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বড় গর্ত রয়েছে। সড়কের গর্তের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে স্থানীয়দের একাংশের অনুমান। তাঁদের দাবি, গর্তগুলি দ্রুত সংস্কার করা না হলে ওই সড়কে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *