বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : মণিপুরের কামজং জেলায় ফের হিংসাত্মক ঘটনার জেরে উত্তেজনা ছড়াল। জেলার একটি পাহাড়ি গ্রামে কুকি সম্প্রদায়ের অন্তত ১৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে। রবিবার আধিকারিকরা এই খবর জানিয়েছেন। আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে চাসাদ (Chassad) গ্রামে হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা। এরপর একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আতঙ্কে বহু গ্রামবাসী বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। তাঁদের অনেকেই কাছাকাছি বনাঞ্চল এবং একটি সেনা শিবিরে আশ্রয় নেন। এর আগে শনিবার দুপুরেও ওই গ্রামে হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে এক কুকি নাগরিকের মৃত্যু হয়। আহত হন আরও চারজন। নিহতের নাম সেইখোহাও হাওকিপ (Seikhohao Haokip)।.”
চাসাদ গ্রামের হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা করেছেন মণিপুরের উপমুখ্যমন্ত্রী নেমচা কিপগেন। সেইখোহাও হাওকিপের মৃত্যুতে শোকপ্রকাশ করার পাশাপাশি আহত গ্রামপ্রধানদের শারীরিক অবস্থা এবং ঘরছাড়া পরিবারগুলির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
গ্রামে বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাকে অসহনীয় অপরাধ বলে অভিহিত করেছেন উপমুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন, রাজ্য পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে দিনরাত নজরদারি বজায় রাখা, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

এদিকে, শনিবার রাতেই কামজং জেলা সদর এলাকায় আরও একটি গুলির ঘটনা ঘটে। অন্য একটি সম্প্রদায়ের দুই প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর হামলায় টাংখুল নাগা সম্প্রদায়ের তিনজন সাধারণ নাগরিক গুলিবিদ্ধ হন।
আহতদের নাম টি. চিথুং, এস. মালুং এবং এম. শিথুং। তাঁদের কামজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনজনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। পরপর এই হিংসাত্মক ঘটনায় কামজং জেলায় নতুন করে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
সূত্র : TMB News Network



