স্থানীয়দের মানবিক উদ্যোগে নদীতে দুর্ঘটনাগ্রস্ত ম্যাজিক্যাব থেকে সব যাত্রী অক্ষত উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : মিজোরামের সাইরাংয়ের পাঠিয়ান্নি এলাকায় সাইরাং ট্লাওং নদীর কাছে দুর্ঘটনার কবলে পড়ল চাম্ফাইগামী একটি ম্যাজিক্যাব সুমো। রবিবার সংঘটিত এই দুর্ঘটনার সময় গাড়িতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে সৌভাগ্যক্রমে ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সাইরাংয়ের স্থানীয় যুবকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁদের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতরে থাকা যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। বিপদের সময় স্থানীয় যুবকদের তাৎক্ষণিক উদ্যোগে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। পরে সাইরাংবাসীরা সম্মিলিতভাবে উদ্ধারকাজে এগিয়ে আসেন। স্থানীয়দের উদ্যোগে এস্কাভেটর যন্ত্রের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ম্যাজিক্যাবটি ঘটনাস্থল থেকে টেনে উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পর স্থানীয় যুবকদের দ্রুত তৎপরতা এবং সাইরাংবাসীর সহযোগিতার প্রশংসা করেছেন এলাকাবাসী। বিপদের সময় দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের পাশে দাঁড়িয়ে তাঁদের নিরাপদে উদ্ধারে যে মানবিক ভূমিকা পালন করা হয়েছে, তা স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *