শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : চালককে মারধর করে অটো ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিন যুবককে আটক করেছে পাঁচগ্রাম পুলিশ। রবিবার সন্ধ্যারাতে কাটিগড়া-বদরপুর সংযোগী গ্যমন সেতু পার হওয়ার পর বদরপুর-পাঁচগ্রাম অংশে ঘটে ঘটনাটি।
অভিযোগ, বদরপুর রেলগেট থেকে চৌরঙ্গী যাওয়ার কথা বলে তিন যুবক অটোতে যাত্রী সেজে ওঠে। কিছুসময় পর ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে তারা চৌরঙ্গী থেকে বদরপুরের অভিমুখে রওয়ানা দেয়। তখন গ্যমন সেতু পার হয়ে নির্জন এলাকায় আসার পর অভিযুক্তদের মধ্যে একজন প্রাকৃতিক কাজের জন্য অটো থেকে নামতে চাইলে চালক অটো থামান। এসময়ই অন্য এক যুবক চালকের গলায় গামোছা বেঁধে তাঁকে অটো থেকে নামিয়ে রাস্তার পাশে ফেলে দেয় বলে অভিযোগ। এরপর তারা অটোটি নিয়ে পালানোর চেষ্টা করে।
চালককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে এসে তিন যুবককে আটক করেন। পরে তাদের পাঁচগ্রাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হল দীপক ভাসফর, সাহেল আলি ও আব্রার হোসেন। ঘটনার তদন্ত শুরু করেছে পাঁচগ্রাম পুলিশ।



