বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : আগামী ৩ অক্টোবর শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম পুর নিগম নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং নির্দল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পরিস্থিতিতে শিলচরের উন্নয়নের স্বার্থে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রার্থীর ব্যক্তিগত সততা, দায়বদ্ধতা ও কর্মদক্ষতার ভিত্তিতে ভোট দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)। শনিবার বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, পুর নিগমের মতো স্থানীয় নির্বাচনে স্থানীয় সমস্যাই মূল বিষয় হওয়া উচিত। জাতীয় রাজনৈতিক দলের বৃহত্তর এজেন্ডার তুলনায় স্থানীয় মানুষের সমস্যা ও প্রত্যাশাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাঁর মতে, প্রতিটি ওয়ার্ড থেকে সৎ, দায়িত্বশীল ও কর্মতৎপর প্রতিনিধি নির্বাচিত হলে তাঁরা এলাকার প্রকৃত স্বার্থে কাজ করতে পারবেন এবং এর ফলে শিলচরের উন্নয়নও ত্বরান্বিত হবে।
তিনি বলেন, এমন কাউকে নির্বাচিত করা উচিত নয়, যিনি ক্ষমতায় যাওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন, ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেবেন কিংবা দুর্নীতিকে প্রশ্রয় দেবেন। তাই দলীয় পরিচয়ের পরিবর্তে যোগ্যতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রার্থী বেছে নেওয়ার আবেদন জানান তিনি।
বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য শিলচর শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, ভাঙাচোরা রাস্তা ও ফুটপাত, জলাবদ্ধতা, যানজট, অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থা, পার্কিং সমস্যা, স্ট্রিট লাইট ও বিদ্যুৎ সরবরাহের মতো একাধিক সমস্যায় জর্জরিত শহরবাসী। বিশেষ করে নিকাশি খালগুলির দ্রুত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সংস্কার প্রয়োজন। পুজোর আগে সাময়িকভাবে রাস্তা মেরামত করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জয়দীপ আরও বলেন, নিরাপদ পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন, গণশৌচাগার, পরিকল্পিত বাজার, হকারদের জন্য নির্দিষ্ট স্থান, সবুজায়ন ও ঐতিহ্যবাহী জলাশয় সংস্কারের মতো বিষয়গুলিতেও গুরুত্ব দিতে হবে। শিলচর শ্মশানে দ্রুত বৈদ্যুতিক চুল্লি স্থাপনের দাবিও জানান তিনি। পাশাপাশি পরিকল্পনাহীন নির্মাণ ও সরকারি জমি দখলের সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলে জানান।
তাঁর মতে, পুর নিগমের পরিষেবাগুলি অনলাইন পোর্টালের মাধ্যমে নাগরিকদের ঘরে বসে পাওয়ার ব্যবস্থা করা জরুরি। প্রতিটি ওয়ার্ডের নিজস্ব সমস্যা চিহ্নিত করে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের পাশাপাশি নির্বাচনের আগে প্রতিটি প্রার্থীর উন্নয়ন ভাবনা ও কর্মপরিকল্পনা প্রকাশ্যে আনার দাবি জানান তিনি। প্রার্থীদের প্রতিশ্রুতি ও কর্মদক্ষতার ভিত্তিতেই ভোট দেওয়ার আহ্বান জানান জয়দীপ।
এদিকে, বিডিএফ আহ্বায়ক হৃষীকেশ দে বলেন, রাজ্য ও পুরনিগমে একই দলের সরকার থাকলেই উন্নয়ন দ্রুত হবে—এই ধারণা সঠিক নয়। তাঁর দাবি, শক্তিশালী বিরোধী পক্ষ থাকলে শাসকদের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি করতে হয়, যা গণতন্ত্র ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।
তাই এবারের পুর নিগম নির্বাচনে রাজ্যে কোন দল ক্ষমতায় রয়েছে বা কোন দলের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তা বিবেচনার আগে প্রার্থীর গ্রহণযোগ্যতা, সততা ও যোগ্যতাকে অন্যতম মানদণ্ড করার জন্য শিলচরের নাগরিকদের প্রতি আহ্বান জানান হৃষীকেশ।



