চিনের প্রেসিডেন্টের কনভয়ে কালো কাপড়ে ঢাকা গাড়ি, কৌতূহল দিল্লিতে

Spread the news

১২ সেপ্টেম্বর : দিল্লিতে চলছে ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান, প্রশাসনিক কর্তারা যোগ দিয়েছেন। তালিকায় আছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনের মাঝেই একটি বিশেষ কনভয় নজর কাড়ল দিল্লির রাস্তায়। একটি জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর কনভয়ে দেখা গেল কালো কাপড়ে আবৃত গাড়ি। যা নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল।

চিনের বিলাসবহুল ব্র্যান্ড হংকি (Hongqi)-র তৈরি N701 মডেল চিন সরকারের শীর্ষ নেতৃত্বের জন্য বিশেষ ভাবে প্রস্তুত করা হয়। ১৯৫৮ সালে তৈরি হয় এই ব্র্যান্ড। দীর্ঘদিন ধরেই চিনের রাষ্ট্রনেতাদের জন্য বিশেষ গাড়ি প্রস্তুত করে এই সংস্থা। ভারতের আগে রাশিয়া, আমেরিকা ও মিশর সফরেও জিনপিংয়ের সঙ্গী ছিল এই গাড়ি।

চিনের রাষ্ট্রপ্রধানের গাড়ির বেশিরভাগ বিশেষত্ব গোপন রাখা হয় তাঁর সুরক্ষার কারণে। যেটুকু জানা গিয়েছে, তা হলো— গাড়িটির দৈর্ঘ্য প্রায় ৫.৫ মিটার। ধাতব পাত দিয়ে মোড়া গোটা গাড়িটি। গাড়ির সামনে থাকে লাল রঙের পতাকা’র প্রতীক, যা হংকি ব্র্যান্ডের অন্যতম বৈশিষ্ট্য। বিভিন্ন প্রতিবেদনে এই লিমুজিন গাড়ি সম্পর্কে জানানো হয়েছে, গাড়িতে বুলেট প্রুফ কাচ, সুদৃঢ় বডিওয়ার্ক এবং সুরক্ষিত চাকা ও টায়ার রয়েছে। বিস্ফোরক বা রাসায়নিক হামলার ঝুঁকি মোকাবিলায় এটি সক্ষম বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। যদিও চিন সরকারের তরফে এই বিষয়গুলি নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি।

যে কোনও বিদেশ সফরের সময়েই রাষ্ট্রপ্রধানদের ব্যবহৃত অত্যন্ত গোপনীয় ও বুলেটপ্রুফ গাড়িগুলোকে বিশেষ নিরাপত্তা প্রটোকল মেনে চলাচল করে। দিল্লিতে শি জিনপিংয়ের গাড়ি কালো কাপড়ে ঢেকে রাখার পিছনে একাধিক কারণ থাকতে পারে। সেগুলি হলো—

গোপনীয়তা রক্ষা: অতি-সংবেদনশীল সরকারি যানবাহনের বাহ্যিক ও কারিগরি বৈশিষ্ট্যের উপরে অপ্রয়োজনীয় নজরদারি ও ছবি তোলা এড়ানোর জন্য কালো কাপড়ে ঢাকা হয়।

সুরক্ষা: কার্গো বিমান থেকে নামানোর পরে এবং যাতায়াতের সময় ধুলোবালি, বৃষ্টি বা কোনও সম্ভাব্য ক্ষতি থেকে গাড়িগুলোকে রক্ষা করার জন্য কাপড় চাপা দেওয়া হয়েছে।
খবর : এইসময় অনলাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *