বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : ভূমিধসে দু’টি বাড়ি বিধ্বস্ত হয়ে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু ঘটল। এ মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় শনিবার ভোরে মিজোরামের বৈরেংটের জালেন ভেং এলাকায়। জানা যায়, ভূমিধসে দু’টি বাড়ি বিধ্বস্ত হয়। জোহমিংলিয়ানা নামে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর প্রায় ৪টা নাগাদ আচমকাই ভূমিধস নামে এলাকায়। এতে লিয়ান্তেয়ারের একটি বাড়ি এবং তাঁর ছেলের বসবাসের পাশের একটি কংক্রিট ও অসম-টাইপের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভূমিধসের সময় বাড়ির বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। ধসের নিচে চাপা পড়ে লিয়ান্তেয়ারের নাতি জোহমিংলিয়ানার মৃত্যু হয়। পরে উদ্ধারকারী দল তাঁর দেহ উদ্ধার করে। ঘটনায় আহত দু’জনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য শিলচরে পাঠানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভূমিধসের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।



