বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার ১০০তম জন্মবার্ষিকী উদযাপনকে সামনে রেখে ব্যতিক্রম পরিবারের উদ্যোগে কাছাড় জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে আয়োজিত ভূপেন হাজারিকা-ভিত্তিক সংগীত প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার আগামী ৮ সেপ্টেম্বর শিলচরের বঙ্গভবনে আয়োজিত হতে চলেছে মূল অনুষ্ঠান। সেখানে শতকণ্ঠে সুধাকণ্ঠের জনপ্রিয় গান পরিবেশন করা হবে। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার প্রস্তুতি।
এই উপলক্ষে বৃহস্পতিবার শিলচর সংগীত বিদ্যালয়ের অডিটোরিয়ামে নবীন ও প্রবীণ শিল্পীদের নিয়ে বিশেষ অনুশীলন অনুষ্ঠিত হয়। অনুশীলনের শুরুতে শিল্পীরা ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। এরপর তাঁর জনপ্রিয় গানগুলির সমবেত পরিবেশনার মহড়া অনুষ্ঠিত হয়।
অনুশীলনে উপস্থিত ছিলেন ব্যতিক্রম পরিবারের সদস্যরা, শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষা নন্দিনী চক্রবর্তী, ভাস্কর দাস, জয়দীপ চক্রবর্তী, পরিমল পুরকায়স্থ, পিএন ব্রহ্ম, গৌতম সিনহা, অসীমানন্দ বিশ্বাস-সহ বিশিষ্ট শিল্পীরা।
স্থানীয় শিল্পীদের মতে, কাছাড় জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আয়োজিত সংগীত প্রতিযোগিতা নতুন প্রজন্মের মধ্যে ভূপেন হাজরিকার গান, দর্শন, চিন্তাধারা ও সৃষ্টিকর্মের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। আগামী ৮ সেপ্টেম্বরের শতকণ্ঠের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে শিল্পী ও আয়োজকদের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।



