বদরপুর রেলক্রসিং সংলগ্ন এলাকায় আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও যাত্রীরা

Spread the news

বরাক তরঙ্গ, ১ জুলাই : বদরপুর রেলক্রসিং সংলগ্ন সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপকে কেন্দ্র করে তীব্র পরিবেশ দূষণ ও জনদুর্ভোগের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দুর্গন্ধ এতটাই অসহনীয় যে সেখানে এক মিনিটও দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে।

প্রতিদিন এই ব্যস্ত সড়ক দিয়ে অসংখ্য ছোট-বড় যানবাহন চলাচল করে। রেলগেট বন্ধ থাকলে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত যানবাহন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। বিশেষ করে যাত্রীবাহী বাস, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের যাত্রীদের দুর্গন্ধে শ্বাসকষ্টের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অনেকেই অসুস্থ বোধ করেছেন।

অভিযোগ, রাস্তার ধারে ফেলে রাখা আবর্জনাগুলি বদরপুর পুরসভার সংগ্রহ করা বর্জ্য। ফলে শহর পরিষ্কারের নামে জনবহুল এলাকায় কার অনুমতিতে এভাবে বর্জ্য ফেলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তাঁদের মতে, প্রকাশ্য স্থানে এভাবে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখযোগ্য বিষয়, আবর্জনার স্তূপের ঠিক বিপরীত দিকেই বদরপুর সার্কেল অফিস এবং জলসম্পদ বিভাগের কার্যালয় অবস্থিত। এত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের সামনে দিনের পর দিন আবর্জনা পড়ে থাকাকে প্রশাসনিক উদাসীনতারই পরিচয় বলে অভিযোগ স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *