দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : শ্রী সারদা সঙ্ঘ ‘মায়ের বাড়ি’-র ধর্মপ্রাণ মহিলা সদস্যদের উদ্যোগে উত্তর কৃষ্ণপুরের ফকির টিলাস্থিত ‘জীবনদীপ’ প্রবীণ নাগরিকদের আবাসিক কেন্দ্রে এক হৃদয়স্পর্শী আধ্যাত্মিক ও সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে গীতাপাঠ, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন এবং আবাসিক প্রবীণদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সারদা সঙ্ঘের সদস্যরা বৃদ্ধাশ্রমের আবাসিক প্রবীণদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন। পাশাপাশি পরিবেশিত হয় বিভিন্ন ভক্তিমূলক সঙ্গীত। গীতার পবিত্র শ্লোক ও ভক্তিগানের আবহে বৃদ্ধাশ্রমের পরিবেশ ভক্তিময় হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ-প্রবীণারাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল, সারদা সঙ্ঘ ‘মায়ের বাড়ি’-র মহিলা সদস্যদের পক্ষ থেকে বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে শ্রীমদ্ভগবদ্গীতা তুলে দেওয়া। এর মাধ্যমে আধ্যাত্মিকতার পাশাপাশি প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বার্তাও তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের মধ্যে বিভিন্ন ধরনের ফল, বিস্কুটসহ নানা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সারদা সঙ্ঘ ‘মায়ের বাড়ি’-র সভানেত্রী রীতা দাস, সম্পাদিকা ড. রমা পুরকায়স্থ, ডা. রাজশ্রী পাল, কবি আরতী দাস, শিপ্রা সেন, পূর্ণিমা চক্রবর্তী, ঝুমুর চক্রবর্তী, সীমান্তনী দেব রায়, শিপ্রা রাহা, বিচিত্রা দত্ত, সুনন্দা গুপ্ত-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
জীবনদীপ বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট ইনচার্জ সুরোবিতা দত্ত, সুপারিনটেনডেন্ট নিবেদিতা বর্মন, হুমায়ুন চৌধুরী, আমির উদ্দিন চৌধুরী, কবির আহমেদ চৌধুরী-সহ অন্যান্যরা।
উদ্যোক্তাদের মতে, এই ধরনের কর্মসূচির উদ্দেশ্য শুধু খাদ্যসামগ্রী বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। একাকীত্বে দিন কাটানো প্রবীণ নাগরিকদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তাঁদের মনে আনন্দ, সান্ত্বনা ও আপনজনের অনুভূতি জাগিয়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নিয়মিত সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের বয়োজ্যেষ্ঠ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার বার্তাও তুলে ধরছে শ্রী সারদা সঙ্ঘ।



