পাথারকান্দি কলেজে দুদিনব্যাপী বর্ণাঢ্য নবীন বরণ উৎসবের সমাপ্তি______
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : আবেগ, উচ্ছ্বাস ও রঙিন স্বপ্নকে সঙ্গী করে পাথারকান্দি কলেজে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো দুদিনব্যাপী নবীন বরণ উৎসব ২০২৬-২৭। নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে গত দুদিন ধরে কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। প্রবীণ ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমে সাজিয়ে তোলা হয় গোটা কলেজ ক্যাম্পাস।
বুধবার কলেজের সুসজ্জিত প্রেক্ষাগৃহে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. মঞ্জুরুল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি নবাগত শিক্ষার্থীদের কলেজ পরিবারে স্বাগত জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
কলেজের ঐতিহ্য অনুসরণ করে জ্যেষ্ঠ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান শাখা বাদে এবং স্নাতক প্রথম বর্ষের কলা ও বিজ্ঞান বিভাগের নবাগত শিক্ষার্থীদের ফুলের তোড়া ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়। ফুল ও কলমের মাধ্যমে এই প্রতীকী বরণ নবীনদের মধ্যে বিশেষ আবেগের সৃষ্টি করে।
এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের গান, নৃত্য ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে কলেজের প্রেক্ষাগৃহ।
বৃহস্পতিবার ছিল নবীন বরণ উৎসবের প্রধান ও অন্তিম দিন। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী অর্জুন চন্দ্র দেবনাথ। পাথারকান্দি কলেজের অধ্যক্ষ ড. মঞ্জুরুল হকের আমন্ত্রণে তিনি অনুষ্ঠানে যোগ দেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে শ্রী দেবনাথ বলেন, শুধু ভালো নম্বর পেলেই ভালো ছাত্র হওয়া যায় না। প্রকৃত শিক্ষা হলো নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা। বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয় রোধে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাঁর কথায়, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ।
তিনি আরও বলেন, সন্তানদের পড়াশোনার জন্য বাবা-মায়েরা নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে কঠোর পরিশ্রম করেন। তাঁদের অনেক স্বপ্ন ও ত্যাগের সঙ্গে সন্তানদের ভবিষ্যৎ জড়িয়ে থাকে। তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করাই শিক্ষার্থীদের অন্যতম প্রধান কর্তব্য।
বক্তব্যে তিনি পাথারকান্দি কলেজের শিক্ষার পরিবেশ এবং অধ্যক্ষ ড. মঞ্জুরুল হকের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান। একই সঙ্গে কলেজের নিয়ম-কানুন মেনে নিজেদের একজন যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

এর আগে কলেজের পক্ষ থেকে মুখ্য অতিথি অর্জুনচন্দ্র দেবনাথকে উত্তরীয়, স্মারক ও উপহারসামগ্রী দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে ছাত্রছাত্রীদের পরিবেশনায় আধুনিক গান, লোকগীতি ও মনোজ্ঞ নাটক মঞ্চস্থ হয়। এসব পরিবেশনার মধ্য দিয়ে অধ্যক্ষ ড. মঞ্জুরুল হক দুদিনব্যাপী বর্ণাঢ্য নবীন বরণ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
দু’দিনের এই আয়োজনে কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়। অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় কলেজের প্রবীণ ছাত্রছাত্রীরা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।



