বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : ভারতরত্ন ভূপেন হাজরিকার জন্ম শতবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রম গ্রুপের আয়োজনে রবিবার সকাল দশটা থেকে উধারবন্দ অডিটোরিয়ামে ভূপেন হাজারিকা সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে ইউএসএ উধারবন্দ। প্রতিযোগিতার সূচনা করেন স্থানীয় বিচারক মানসী চৌধুরী ও শিবাশিষ চক্রবর্তী; মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলন করেন ব্যতিক্রম পরিবারের ভাস্কর দাস ও ইউএসএ উধারবন্দের সভাপতি জগন্নাথ রায়। উপস্থিত সম্মানিত অতিথিদের গলায় উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
জেলা সংযোজক ভাস্কর দাস বলেন, দক্ষিণ অসমের সাংস্কৃতিক ইতিহাসে অনন্য এই উদ্যোগের উদ্দেশ্য—একযোগে ১৪টি বিধানসভা কেন্দ্র থেকে উঠতি প্রতিভাদের তুলে এনে মূলধারার মঞ্চে স্থান করে দেওয়া। প্রতিটি কেন্দ্রে বাছাই করে নির্বাচিত শিল্পীরা ৭ সেপ্টেম্বর শিলচর সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত মহা–ফাইনালে অংশ নেবেন; বিজয়ীদের জন্য থাকবে ট্রফি ও বিশেষ আর্থিক পুরস্কার।
৮ সেপ্টেম্বর বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চে থাকবেন কলকাতার জনপ্রিয় দল ‘দোহার’ ও গুয়াহাটি থেকে আগত বিশিষ্ট শিল্পীরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে একশো জন শিল্পীর সম্মিলিত পরিবেশনে ভূপেন হাজরিকার গান—যা পুরো এলাকায় সুরের ছোঁয়া ছড়িয়ে দেবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যতিক্রমের ভূপেন হাজরিকা শততম জন্মবার্ষিকীর উৎযাপনের ভূপেন হাজরিকা সঙ্গীত প্রতিযোগিতার উধারবন্দ বিধানসভার সংযোজক শিবাঙ্গী রায়।



