শিলচর পুর নিগম নির্বাচন নিয়ে ধর্মানন্দ দেবের চিঠির স্পষ্টীকরণ রাজ্য নির্বাচন কমিশনের

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট: শিলচর পুর নিগম নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান স্পষ্ট করল অসম রাজ্য নির্বাচন কমিশন। অ্যাডভোকেট ধর্মানন্দ দেবের ২৭ আগস্টের আইনি নোটিশের জবাবে কমিশন লিখিতভাবে জানিয়েছে, আইন অনুযায়ী শিলচর পুর নিগমের নির্বাচন পরিচালনার পূর্ণ ক্ষমতা ও দায়িত্ব অসম রাজ্য নির্বাচন কমিশনের রয়েছে। ২৯ আগস্ট জারি করা কমিশনের চিঠিতে বলা হয়েছে, ভারতের সংবিধানের ২৪৩-ZA অনুচ্ছেদ, অসম মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন, ২০২২-এর ধারা ৮ এবং অসম মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন বিধিমালা, ২০২২-এর বিধি ৩ অনুযায়ী পৌর নিগম নির্বাচন পরিচালনার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত।

কমিশন আরও জানিয়েছে, শিলচর পুর নিগমের ওয়ার্ড সংরক্ষণ রাজ্য সরকার অসম মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন, ২০২২-এর ধারা ৫(২), ৫(৩) ও ৫(৪) অনুসারে নির্ধারণ করেছে। সেই অনুযায়ী, ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে Notification No. E-228921/1016 জারি করে শিলচর পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষণ ঘোষণা করা হয়। কমিশনের বক্তব্য অনুযায়ী, ওই গেজেট বিজ্ঞপ্তিতে সংরক্ষণের কার্যকারিতার কোনও নির্দিষ্ট মেয়াদ বা শেষ হওয়ার সময়সীমা উল্লেখ করা হয়নি। এখনও শিলচর পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও নতুন নির্দেশ বা সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ফলে পূর্বে ঘোষিত ওয়ার্ড সংরক্ষণ এখনও নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রাসঙ্গিক বলে কমিশন স্পষ্ট করেছে। এই অবস্থানের ফলে শিলচর পুর নিগম নির্বাচন নিয়ে তৈরি হওয়া আইনি ও প্রশাসনিক বিভ্রান্তি অনেকটাই দূর হয়েছে বলে মনে করা হচ্ছে। এখন দ্রুত নির্বাচনী প্রক্রিয়া শুরু করার দাবি আরও জোরালো হয়েছে।

শিলচর বরাক উপত্যকার একটি গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র। নাগরিক পরিষেবা, রাস্তা ও নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিকল্পিত নগর উন্নয়নের জন্য একটি নির্বাচিত ও জবাবদিহিতামূলক পৌর নিগমের প্রয়োজনীয়তা রয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের এই স্পষ্টীকরণের পর সংশ্লিষ্ট মহলের কাছে দ্রুত নির্বাচনের সময়সূচি ঘোষণা করে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার দাবি উঠেছে। স্থানীয় স্বশাসন ব্যবস্থাকে কার্যকর করা এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার স্বার্থে শিলচর পুর নিগম নির্বাচন দ্রুত অনুষ্ঠিত করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *