কর্মস্থলে যাওয়ার পথে নেক্সনের ধাক্কায় প্রাণ গেল স্কুটি আরোহী নার্সের

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : কর্মস্থলে যাওয়ার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নার্স। নারায়ণপুরের ১৫ নম্বর জাতীয় সড়কের মাধবপুর এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটির আরোহী নার্সের। মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নার্সকে নারায়ণপুরের মাদারগুড়ির বাসিন্দা নির্মালি রাজখোয়া শইকিয়া হিসেবে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, তিনি নারায়ণপুর মহাত্মা গান্ধী আদর্শ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার সকালে নির্মালি নিজের স্কুটারে করে হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছিলেন। তিনি নারায়ণপুরের ১৫ নম্বর জাতীয় সড়ক ধরে মাধৱপুর এলাকায় পৌঁছনোর পরই উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা AS 01V 9607 নম্বরের একটি নেক্সন গাড়ি তাঁর স্কুটিতে সজোরে ধাক্কা মারে।

প্রচণ্ড সংঘর্ষের ফলে স্কুটি থেকে ছিটকে পড়েন নির্মালী। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। দুর্ঘটনায় জড়িত গাড়িটিকেও শনাক্ত করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং গাড়িটির গতি কত ছিল, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানা গেছে।
কর্মস্থলে যাওয়ার পথে একজন কর্মরত নার্সের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী এবং পরিচিত মহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাতীয় সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *