রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট: শিলচর রাধামাধব কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায়। নির্ধারিত সময়সীমা পেরিয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে—এমন অভিযোগ তুলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ।
ABVP-র অভিযোগ, শুক্রবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনী নির্দেশিকা অনুযায়ী বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। সংগঠনের ১১ জন প্রার্থী নির্ধারিত সময়ের আগেই মনোনয়নপত্র জমা দিয়ে কলেজ থেকে চলে যান। পরে তাঁদের কাছে খবর আসে, বিকেল ৪টার পরও সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হচ্ছে।
খবর পেয়ে তাঁরা ফের কলেজে এসে কয়েকজন ছাত্রকে ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে এবং কলেজের ভেতরে বসে মনোনয়ন ফর্ম পূরণ করতে দেখেন বলে দাবি করেন। বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে অধ্যক্ষের গাড়ি কলেজ থেকে বের হওয়ার সময় ছাত্ররা গেট বন্ধ করে তাঁকে আটকানোর চেষ্টা করেন। তবে অধ্যক্ষ কোনও কথা না বলে কলেজের ভিতরে চলে যান বলে অভিযোগ।
পরবর্তীতে চিফ ইলেকশন অফিসার কলেজে এসে জানান, কয়েকটি মনোনয়নপত্র জমা পড়েছে। ABVP-র দাবি, তাঁর সামনেই একটি মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয়। সংগঠনের অভিযোগ, ওই ফর্মে ৫০ টাকার স্ট্যাম্প এবং কালেক্টরের স্বাক্ষর ছিল। তাঁদের দাবি, এ ঘটনা থেকেই নির্ধারিত সময়ের পরেও মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি স্পষ্ট হয়।
কতগুলি মনোনয়নপত্র বিকেল ৪টার পর গ্রহণ করা হয়েছে, তার স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানিয়েছে ABVP। অধ্যক্ষ নিজে এসে বিষয়টি পরিষ্কার না করা এবং ছাত্রদের প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তাঁদের প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত ছাত্ররা। তাঁদের বক্তব্য, এটি কোনো দলীয় রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ছাত্রদের ন্যায্য অধিকারের দাবি।



