রামনগরের আনোয়া বিলের দূষিত জল নিয়ে উদ্বেগ, বিধায়কের দ্বারস্থ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : রামনগর এলাকার আনোয়া বিলের দূষিত জলের সমস্যা নিরসনে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়ের কাছে স্মারকলিপি প্রদান করল তারাপুর-রামনগর এলাকার ৯টি জল সরবরাহ প্রকল্পের পরিচালনা কমিটি। বৃহত্তর রামনগর এলাকায় বরাক নদী থেকে কাঁচা জল সরবরাহের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা। বিধায়ক দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানান প্রতিনিধিরা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্কর জানান, দীর্ঘদিন ধরে আনোয়া বিলের জল ওই ৯টি জল সরবরাহ প্রকল্পে ব্যবহার করা হচ্ছে। কিন্তু বিলের জলে কচুরিপানা, আবর্জনা ও পচনশীল বর্জ্য জমে থাকায় দিন দিন জলের গুণমান খারাপ হচ্ছে। বিশেষ করে শীতকালে জলস্তর কমে যাওয়ায় বিল থেকে কাঁচা জল সংগ্রহেও নানা সমস্যার সৃষ্টি হয়।

পরিচালনা কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, বরাক নদী থেকে স্থায়ীভাবে জল সরবরাহের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আনোয়া বিল পরিষ্কার করার উদ্যোগ নিতে হবে। বিল থেকে কচুরিপানা, আবর্জনা ও অন্যান্য বর্জ্য অপসারণ করে জলাধারটিকে ব্যবহারের উপযোগী করার দাবিও জানানো হয়েছে। এ বিষয়ে এর আগেও জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছিল বলে জানান তাঁরা।

এদিন বিধায়কের সঙ্গে সাক্ষাৎকালে আতাউর রহমান লস্কর রামনগর এলাকার কয়েকটি বেহাল রাস্তার সমস্যার বিষয়েও আলোচনা করেন। স্থানীয় বাসিন্দাদের আশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে একদিকে যেমন বিশুদ্ধ পানীয় জলের সমস্যা মিটবে, অন্যদিকে তেমনই এলাকার যোগাযোগ ব্যবস্থার দীর্ঘদিনের দুর্ভোগও কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *