সড়ক ও রেলপথ অবরোধ আত্মসমর্পণকারী এটিটিএফ-এনএলএফটি সদস্যদের

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : সাত দফা দাবিতে ফের আন্দোলনে নামলেন আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন এটিটিএফ ও এনএলএফটির সদস্যরা। শুক্রবার চম্পকনগর এলাকায় অসম-আগরতলা জাতীয় সড়ক এবং ব্রিগুদাস এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এর ফলে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন আগে আত্মসমর্পণের পর কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে পুনর্বাসন, আর্থিক সহায়তা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতির অধিকাংশ এখনও কার্যকর হয়নি। একাধিকবার প্রশাসনের কাছে দাবি জানানো সত্ত্বেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের।

আন্দোলনকারীরা জানান, এর আগেও একই দাবিতে বিভিন্ন এলাকায় অবরোধ ও বিক্ষোভ করা হয়েছিল। প্রশাসনের আশ্বাস মিললেও বাস্তবে কার্যকর পদক্ষেপ না হওয়ায় ফের বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তাঁরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী ও জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা ঘটনাস্থলে এসে আলোচনা করে দাবিগুলি পূরণের বিষয়ে নির্দিষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না। একইসঙ্গে সড়ক ও রেলপথ অবরোধের কারণে সাধারণ মানুষ ও যাত্রীদের দুর্ভোগের আশঙ্কাও তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *