মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড়সড় সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের গুরুত্বপূর্ণ চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি কন্টেনার লরি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ কোডিন ফসফেটযুক্ত কফ সিরাপ। ঘটনায় ১,২০০ বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করার পাশাপাশি মাদক পাচারের অভিযোগে তিনজনকে আটক করেছে বাজারিছড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাজারিছড়া থানার অধীন চুরাইবাড়ি ওয়াচ পোস্টে নজরদারি জোরদার করা হয়। এরপর সন্দেহজনক একটি কন্টেনার লরিকে আটক করে তল্লাশি চালান পুলিশকর্মীরা। তল্লাশির সময় লরির ভেতর থেকে বিপুল পরিমাণ কোডিন ফসফেটযুক্ত কফ সিরাপ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া এই নেশাজাতীয় কফ সিরাপগুলি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যেই এক স্থান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের মূল হোতাদের সন্ধান এবং এই মাদক কারবারের নেপথ্যের পুরো নেটওয়ার্ক উদ্ঘাটনের চেষ্টা চলছে। তদন্ত এগোলে আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং নতুন গ্রেপ্তারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



