দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : রাখি পূর্ণিমার পুণ্য তিথিতে বৃহস্পতিবার খুঁটি পূজার মধ্য দিয়ে গণেশ চতুর্দশী মহোৎসবের প্রস্তুতির সূচনা করল স্বামী বিবেকানন্দ স্মৃতি সংঘ। প্রতি বছরের মতো এবারও একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মেতে উঠতে চলেছেন সংঘের সদস্যরা। ধর্মীয় রীতিনীতি মেনেই এদিন সম্পন্ন হয় খুঁটি পূজা।
এবারের আয়োজনকে ঘিরে উদ্যোক্তাদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা দিয়েছে। কারণ, চলতি বছর গণেশ চতুর্দশী মহোৎসব ১৬ বছরে পদার্পণ করছে। ইতিমধ্যেই মণ্ডপ নির্মাণসহ বিভিন্ন প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। উৎসবকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ব্যস্ত সংঘের সদস্যরা। উদ্যোক্তারা জানান, আগামী ১৩ সেপ্টেম্বর শুভ অধিবাসের মধ্য দিয়ে এবারের গণেশ পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিদ্ধিদাতা গণেশের মহাপূজা। ওইদিন সকাল থেকেই বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে গণেশ দেবের আরাধনা করা হবে।
তবে এবারের উৎসবের অন্যতম আকর্ষণ ১৪ সেপ্টেম্বর সন্ধ্যার ধর্মীয় অনুষ্ঠান। ওইদিন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দজি মহারাজ মণ্ডপে উপস্থিত থাকবেন। তাঁর উপস্থিতিতে সন্ধ্যা আরতি ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি ভক্তদের উদ্দেশে তিনি মূল্যবান বক্তব্য রাখবেন বলেও জানান আয়োজকরা।
১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর টানা তিন দিন মণ্ডপে সিদ্ধিদাতা গণেশের বিশেষ পূজার আয়োজন থাকবে। ভক্তদের জন্য থাকছে পূজা-অর্চনা ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি। সর্বস্তরের মানুষ যাতে উৎসবে অংশ নিতে পারেন, সেই লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা।

গণেশ চতুর্দশীর পরও থাকছে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। ১৮ সেপ্টেম্বর মণ্ডপে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে। বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকর্মা দেবের আরাধনা করা হবে। এরপর ১৯ সেপ্টেম্বর ভব্য ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সিদ্ধিদাতা গণেশের প্রতিমা বিসর্জন দেওয়া হবে। বিসর্জনের মধ্য দিয়েই শেষ হবে এবারের গণেশ চতুর্দশী মহোৎসব।
উদ্যোক্তাদের বক্তব্য, দীর্ঘ ১৬ বছর ধরে স্বামী বিবেকানন্দ স্মৃতি সংঘের উদ্যোগে এই মহোৎসব আয়োজিত হয়ে আসছে। প্রতি বছর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও অংশগ্রহণ উৎসবকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেছে। এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
উৎসবকে সফল করে তুলতে সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির আহ্বান জানিয়েছেন স্বামী বিবেকানন্দ স্মৃতি সংঘের উদ্যোক্তারা। রাখী পূর্ণিমার পুণ্য তিথিতে খুঁটি পূজার মধ্য দিয়ে যে প্রস্তুতির সূচনা হল, ১৩ সেপ্টেম্বর শুভ অধিবাসের পর তা পূর্ণাঙ্গ রূপ পাবে। ১৪ সেপ্টেম্বর মহাপূজা থেকে শুরু করে একাধিক ধর্মীয় কর্মসূচির পর ১৯ সেপ্টেম্বর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে এবারের ১৬তম গণেশ চতুর্দশী মহোৎসবের।



