আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিলচরে আইন সচেতনতা শিবির

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : যুবসমাজের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিলচরে দু’টি আইন সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। ‘জাগৃতি স্কিম, ২০২৫—সশক্ত যুবসমাজ, শক্তিশালী ভারত’-এর আওতায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আইন সহায়তা ক্লিনিকের উদ্যোগে, জেলা আইনসেবা কর্তৃপক্ষ, কাছাড়ের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়।

সরকারি গার্লস হাইস্কুল ও এমপি স্কুল, শিলচর এবং পিএম শ্রী নরসিং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত শিবির দুটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কিশোর ন্যায়বিচার, বিনামূল্যে আইন সহায়তা এবং ভোক্তা অধিকার নিয়ে বিশেষ সচেতনতামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের আইনি অধিকার, প্রতিকার পাওয়ার পদ্ধতি এবং দৈনন্দিন জীবনে আইনের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

শিবিরে আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সপ্তম সেমিস্টারের বিএ এলএলবি (অনার্স) ও প্রথম সেমিস্টারের এলএলএম-এর শিক্ষার্থীদের পাশাপাশি কনজিউমার অ্যাডভোকেসি গ্রুপ, আসামের সদস্যরা অংশ নেন। ইন্টার‍্যাকটিভ আলোচনার মাধ্যমে তাঁরা শিক্ষার্থীদের বিভিন্ন আইনি বিষয় সম্পর্কে সচেতন করেন এবং তাঁদের প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. সন্দীপ কুমার সুমন এবং আইন সহায়তা ক্লিনিকের সহকারী অধ্যাপক ও যৌথ সমন্বয়কারী ড. দৃষ্টিরূপা পাটগিরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীরা কিশোর অপরাধ, বিনামূল্যে আইন পরিষেবা পাওয়ার পদ্ধতি এবং ভোক্তা অধিকার প্রয়োগ নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন।
আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আইনি সাক্ষরতা ও অধিকার সচেতনতা বাড়ানোর পাশাপাশি ন্যায়বিচার পাওয়ার সুযোগ সম্পর্কে তাঁদের ধারণা আরও স্পষ্ট করবে। যুবসমাজের মধ্যে সম্প্রদায়মুখী আইনশিক্ষা প্রসারে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *