বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তির দাবি এআইডিএসও-র

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : শিবসাগর ও চরাইদেও জেলার বন্যাদুর্গত এলাকার ছাত্রছাত্রীদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ভর্তির দাবিতে সরব হল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-র আসাম রাজ্য কাউন্সিল। বুধবার সংগঠনের এক প্রতিনিধি দল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সমস্যার কথা শোনে এবং তা সমাধানের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে।

প্রতিনিধি দলটি প্রথমে শিবসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গরগাঁও কলেজের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে। বন্যাদুর্গত এলাকার সমস্ত ছাত্রছাত্রীর ভর্তি ফি সম্পূর্ণ মকুব করে বিনামূল্যে ভর্তির সুযোগ দেওয়ার দাবিতে তাঁদের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। পরে শিবসাগরের জেলা আয়ুক্তের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীর কাছেও একই দাবিতে স্মারকলিপি পাঠানো হয়।

এআইডিএসও-র অভিযোগ, রাজ্য সরকার ৭০ শতাংশের কম উপস্থিতি এবং ‘ব্যাকলগ’ থাকা শিক্ষার্থীদের ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করেছিল। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও কয়েকটি কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কাছ থেকে ৭ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ভর্তি ফি আদায় করছে। এর ফলে আর্থিকভাবে দুর্বল পরিবারের শিক্ষার্থীরা চরম সমস্যার মুখে পড়েছে।

সংগঠনের বক্তব্য, একটি কল্যাণকামী রাষ্ট্রে শিক্ষার দায়িত্ব সরকারের। শুধু দরিদ্র পরিবারের সন্তান নয়, প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা সরকারের কর্তব্য।
এআইডিএসও জানায়, বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার আগেই বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীদের ভর্তি ফি সম্পূর্ণ মকুব এবং তাদের পড়াশোনার ব্যয়ভার বহনের ঘোষণা করেছিল। কিন্তু সেই ঘোষণা এখনও কার্যকর না হওয়ায় শিক্ষার্থীদের ভর্তির সময় চরম হয়রানির শিকার হতে হচ্ছে।
এই পরিস্থিতিতে এআইডিএসও অসম সরকারের শিক্ষা বিভাগের কাছে দ্রুত সরকারি নির্দেশ কার্যকর করে বন্যাদুর্গত এলাকার সব যোগ্য শিক্ষার্থীকে বিনামূল্যে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে আর্থিক সংকটের কারণে ব্যাহত বা ধ্বংস না হয়, তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *