রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : আসন্ন শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬কে সামনে রেখে বিজেপির সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার ৩১ নম্বর ওয়ার্ড ও নিউ শিলচর মণ্ডলের উদ্যোগে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় শিলচরের চেংকুড়ি রোড এলাকায়।
কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়, বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, দলের সাধারণ সম্পাদক গোপাল রায়, সুজিত দাস চৌধুরী, বিমলেন্দু রায়-সহ নিউ শিলচর মণ্ডলের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং দলীয় কার্যকর্তারা।
সম্মেলনে আসন্ন পুরনিগম নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি আরও কীভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ওয়ার্ডভিত্তিক সংগঠনকে আরও মজবুত করা, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে দলের কর্মকাণ্ড তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায় আসন্ন পুরনিগম নির্বাচনে বিজেপির জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সাংগঠনিক শক্তির ওপর ভর করে নির্বাচনে বিজেপি বড়সড় সাফল্য অর্জন করবে।
এদিনের কর্মী সম্মেলনকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগামী পুরনিগম নির্বাচনকে সামনে রেখে এই ধরনের সাংগঠনিক কর্মসূচি দলের নির্বাচনী প্রস্তুতিকে আরও গতি দেবে বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব।



