শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : যোগাসনের মঞ্চে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখল কাছাড় জেলার বদরপুরের একঝাঁক খুদে প্রতিভা। উত্তর-পূর্ব ভারতভিত্তিক যোগাসন ক্রীড়া প্রতিযোগিতায় (North East India Yogasana Sports Competition 2026) অংশ নিয়ে ৩৮ জন প্রতিযোগীর প্রত্যেকেই পুরস্কার জিতে নজির গড়েছে বদরপুর ভোলা যোগা সেন্টারের শিক্ষার্থীরা। তাদের এই অভাবনীয় সাফল্যে খুশির আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়।

গত ২২ নভেম্বর ত্রিপুরার আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভোলা যোগা সেন্টারের হয়ে অংশগ্রহণ করে মোট ৩৮ জন শিশু। প্রতিযোগিতা শেষে প্রকাশিত ফলাফলে দেখা যায়, তাদের মধ্যে ১৮ জন প্রথম স্থান, ১২ জন দ্বিতীয় স্থান এবং ৮ জন তৃতীয় স্থান অর্জন করেছে। অর্থাৎ, প্রতিযোগিতায় অংশ নেওয়া একজনও খালি হাতে ফেরেনি।

উল্লেখ্য, যোগা নিকেতন, শিলচরের (Yoga Niketan, Silchar, Assam) উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বরাক উপত্যকার তিন জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করে। সেখানে বদরপুরের খুদে যোগাসনশিল্পীদের এমন সাফল্য বিশেষভাবে নজর কেড়েছে। একসঙ্গে ৩৮ জনের অংশগ্রহণ এবং প্রত্যেকের পদক বা স্থান অর্জন নিঃসন্দেহে প্রশিক্ষণ ও অনুশীলনের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সাফল্য।

শিশুদের এই কৃতিত্বে উচ্ছ্বসিত অভিভাবকরা। তাঁদের মতে, নিয়মিত যোগাসন অনুশীলনের প্রতি ছোটদের আগ্রহ এবং নিষ্ঠারই প্রতিফলন ঘটেছে এই ফলাফলে। একই সঙ্গে এই সাফল্য বদরপুরের ক্রীড়াঙ্গনেও নতুন উৎসাহ জোগাবে বলে আশা করা হচ্ছে।
আগামী দিনেও যোগাসনের চর্চা অব্যাহত রেখে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সাফল্যের ধারা বজায় রাখার স্বপ্ন দেখছে এই খুদে প্রতিভারা। তাদের হাত ধরেই ভবিষ্যতে বদরপুর তথা সমগ্র বরাক উপত্যকা আরও বৃহত্তর মঞ্চে পরিচিতি লাভ করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।



