২৬ আগস্ট : পাকিস্তানের ইসলামাবাদের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার ভোররাতে আচমকাই আগুন লেগে যায় পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (PIMS)-এর গাইনোকলজি ওয়ার্ডে। পাক সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনায় কমপক্ষে ১৫ জন সদ্যোজাতের মৃত্যু হয়েছে।
পিআইএমএস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় ইউনিটটিতে মোট ১৬ নবজাতক ছিল। এর মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানান, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। এরপর খুব দ্রুত আগুন ইউনিটের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। তবে আগুনের সঠিক কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর ঘটনাস্থলে কুলিং কার্যক্রম চালানো হয়, যাতে উত্তপ্ত অংশ থেকে আবার আগুন ছড়িয়ে পড়তে না পারে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে ১৪ নবজাতক ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। পরে আরও একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়। নিহত নবজাতকদের পরিচয় ও মৃত্যুর বিস্তারিত কারণ এখনো প্রকাশ করা হয়নি।
ঘটনার কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটি আগুনের সূত্রপাত, অগ্নিনিরাপত্তাব্যবস্থা এবং দুর্ঘটনার পুরো পরিস্থিতি তদন্ত করবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ হলে আগুন লাগার প্রকৃত কারণ এবং অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। তথ্যসূত্র: রয়টার্স, আল-জাজিরা



