বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : হাইলাকান্দিতে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব হল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ (AJYCP) ও স্থানীয় জনগণ। জেলার হবির তিমুখা থেকে বোয়ালিপার সংযোগকারী সড়কের নিতাইনগর সেতুর সামনে সংগঠনের উদ্যোগে তিন ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করা হয়।
দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রছাত্রীরা। আন্দোলনকারীদের অভিযোগ, রাস্তা নির্মাণের জন্য প্রায় ৪৪ লক্ষ টাকা বরাদ্দ করা হলেও ঠিকাদার সামান্য কিছু পাথর ফেলে কাজ বন্ধ করে দিয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নির্মাণকাজ।
অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু, বরাদ্দকৃত অর্থের হিসাব প্রকাশ এবং দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার দাবিতে অবস্থান ধর্মঘট থেকে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসা হলেও প্রশাসন ও পূর্ত বিভাগ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে বলে জানান তাঁরা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে পূর্ত বিভাগ ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে নামা হবে।



